সাতসকালের কালবৈশাখী ও প্রবল বৃষ্টিতে লন্ডভন্ড খোয়াই; জলমগ্ন প্রধান সড়ক, গাছ ভেঙে ব্যাহত যান চলাচল

গোপাল সিং, খোয়াই, ২৬ মে || মঙ্গলবার সাতসকালে খোয়াই জেলা জুড়ে ধেয়ে আসা প্রচণ্ড ঝড় ও প্রবল কালবৈশাখী বৃষ্টিপাতে কার্যত লন্ডভন্ড হয়ে পড়েছে খোয়াই শহর সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। মাত্র কয়েক ঘণ্টার এই মুষলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটে একদিকে যেমন শহরের প্রধান প্রধান সড়ক জলমগ্ন হয়ে পড়েছে, অন্যদিকে রাস্তার ওপর বিশালাকার গাছ ভেঙে পড়ে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।
এদিনের এই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে করুণ পরিস্থিতি তৈরি হয়েছে খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের (Khowai Government H.S. School) সামনে। মাত্র একদিনের বৃষ্টিতেই বিদ্যালয় সংলগ্ন মূল সড়কটি পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ে। ড্রেনেজ ব্যবস্থার উন্নতির জন্য সম্প্রতি লক্ষ লক্ষ টাকা সরকারি অর্থ ব্যয় করে এখানে ‘বক্স কালভার্ট’ বা কনভার্ট নির্মাণ করা হয়েছিল।
অপরদিকে, ঝড়ের তীব্রতায় খোয়াই মূল শহরের সুভাষপার্ক বইমেলা প্রাঙ্গণের সামনের প্রধান সড়কের ওপর একটি বিশালাকার গাছ উপড়ে পড়ে। ব্যস্ততম এই সড়কের ওপর গাছটি আড়াআড়িভাবে ভেঙে পড়ায় রাস্তার দুপাশে মুহূর্তের মধ্যে যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মাঠে নামে বন দপ্তরের (Forest Department) কর্মীরা। বন দপ্তরের উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে নিলে দীর্ঘক্ষণ পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*