বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ মে || এডিসি এলাকায় বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও স্বজনপোষণের অভিযোগ তুলে রাজনৈতিক সমীকরণে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। সোমবার শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠালিয়া এডিসি ভিলেজের পঞ্চায়েত পাড়ায় ১৮ পরিবারের মোট ৩৬ জন ভোটার সিপিএম ছেড়ে তিপ্রা মথায় যোগদান করেন।
জানা যায়, রেশমা জমাতিয়ার নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, তিপ্রা মথার সিনিয়র নেতা চিত্তরঞ্জন দেববর্মা, জিতেন্দ্র রিয়াংসহ অন্যান্য নেতৃত্ব।
যোগদানকারীদের মধ্যে জাতি ও জনজাতি—উভয় সম্প্রদায়ের ভোটাররাই ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এডিসি এলাকায় বিজেপি নেতাদের সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার এবং স্বজনপোষণের প্রবণতার কারণে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, যার প্রভাব পড়ছে রাজনৈতিক সমর্থনেও।
অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংয়ের সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রবণতা তাঁকে এলাকায় জনপ্রিয় করে তুলেছে। তাঁর নেতৃত্বে তিপ্রা মথার সাংগঠনিক শক্তি ও জনভিত্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলেও মত স্থানীয় পর্যবেক্ষকদের।
এই যোগদানকে কেন্দ্র করে আসন্ন সময়ে এলাকার রাজনৈতিক পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
