নদী থেকে ভাসমান অবস্থায় চোরাই গবাদি পশু উদ্ধার: পুলিশ, বিএসএফ ও বিজিবি-র যৌথ আন্তর্জাতিক সাফল্যে ফিরল মালিকের মুখে হাসি

গোপাল সিং, খোয়াই, ২৬ মে || চোরাই দামি বাইক আন্তর্জাতিক সীমান্ত ওপার থেকে ফিরিয়ে আনার রুদ্ধশ্বাস সাফল্যের রেশ কাটতে না কাটতেই, এবার খোয়াই থানার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর (BSF) অতন্দ্র তৎপরতায় ফের একবার নদীপথ দিয়ে গবাদিপশু বাংলাদেশে পাচারের ছক বানচাল হলো। রাতের আঁধারে খোয়াই থানাধীন মরানদী এলাকা থেকে চুরি হওয়া একটি মূল্যবান গবাদি পশু রাত পোহাতেই খোয়াই নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ। এই অভিযানেও ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর চমৎকার ও তাৎক্ষণিক আন্তর্জাতিক সমন্বয় লক্ষ্য করা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে খোয়াই থানাধীন মরানদী এলাকা থেকে এক ব্যক্তির একটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় আন্তর্জাতিক পাচারকারী চক্রের দল। চিরাচরিত চুরির ছক বদলে এবার পাচারকারীরা ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর বয়ে চলা খোয়াই নদীর জলপথকে বেছে নেয়। আজ মঙ্গলবার সকালে খোয়াই নদীতে একটি গবাদি পশু ভাসমান অবস্থায় ওপার বাংলার দিকে ভেসে যেতে দেখেন স্থানীয়রা।
ঘটনার খবর পাওয়া মাত্রই খোয়াই থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং বিষয়টি অনতিবিলম্বে বিএসএফ (BSF) কমান্ডেন্ট সূর্যভান সিংহের গোচরে আনা হয়। পরিস্থিতির সংবেদনশীলতা বুঝে বিএসএফ কমান্ডেন্ট বিন্দুমাত্র সময় নষ্ট না করে ওপার বাংলার বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে জরুরি যোগাযোগ স্থাপন করেন।
খোয়াই থানার পুলিশ ও বিএসএফ-এর এই যৌথ ও তড়িৎ পদক্ষেপ এবং সীমান্ত ওপার থেকে বিজিবি-র আন্তরিক সহযোগিতার ফলে শেষ পর্যন্ত খোয়াই নদীতে ভাসমান অবস্থাতেই গবাদি পশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া গবাদি পশুটি তার প্রকৃত ও অসহায় মালিকের হাতে তুলে দেয় পুলিশ প্রশাসন। সাধের গবাদি পশুটি ফিরে পেয়ে মালিকের চোখেমুখে এখন স্বস্তির আনন্দ।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই খোয়াই নদীপথ ব্যবহার করে বাংলাদেশে পাচার করে দেওয়া একটি দামী পালসার মোটরবাইক খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, বিএসএফ এবং বিজিবি-র যৌথ প্রয়াসে একইভাবে উদ্ধার করে আনা হয়েছিল। সেই ঘটনার দিনকয়েকের মাথায় পুনরায় একই কায়দায় চোরাই গবাদি পশু উদ্ধারের ঘটনায় খোয়াই পুলিশ ও বিএসএফ-এর কর্মদক্ষতা আরও একবার প্রমাণিত হলো। স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্ত কাঁটাতারের ওপার থেকে বিজিবি-র এই ধরণের দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়া এবং খোয়াই পুলিশ ও বিএসএফ-এর এই আন্তর্জাতিক সমন্বয় দুই প্রতিবেশী দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ ও মজবুত কূটনৈতিক সম্পর্কেরই এক উজ্জ্বল ইঙ্গিতবহ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*