দরিদ্রতার সঙ্গে লড়াই থেকে আইএএস— শান্তিরবাজারের গর্ব আকিনচন সরকার, ইতিহাস গড়ল কাঞ্চননগর

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ মে || অভাব-অনটনের মধ্যে বেড়ে ওঠা এক সাধারণ পরিবারের সন্তান আজ দেশের সর্বোচ্চ প্রশাসনিক পরিষেবায় স্থান করে নিয়ে গড়লেন ইতিহাস। শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগরের বাসিন্দা আকিনচন সরকার আইএএস হিসেবে নির্বাচিত হয়ে শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, গর্বিত করেছেন গোটা অঞ্চলকে। জানা গেছে, শান্তিরবাজার মহকুমা থেকে এই প্রথম কেউ আইএএস হওয়ার কৃতিত্ব অর্জন করলেন।
দুই ভাই ও তিন বোনের বড় সংসারে ছোটবেলা থেকেই অভাব ছিল নিত্যসঙ্গী। উদয়পুর রমেশ হাইস্কুলে পড়াশোনার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে ভাই সুজন সরকারের সঙ্গে নিজেদের জমিতে কাজ করতেন আকিনচন। দিনের পরিশ্রম শেষে রাতে লন্ঠনের আলোয় পড়াশোনা করে গড়ে তুলেছিলেন ভবিষ্যতের স্বপ্ন।
সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তিকেই সঙ্গী করে জীবনের প্রতিটি ধাপ অতিক্রম করেছেন তিনি। ২০০৩ সালে কমলপুর থেকে টিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০০৯ সালে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে ডিসিএম পদে কর্মরত ছিলেন। এরপর ২০১১ সালে ফাইনান্স ডিপার্টমেন্টে অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে যোগদান করেন। সরকারি চাকরির ব্যস্ততার মাঝেও থেমে থাকেননি আইএএস প্রস্তুতি। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসই এনে দেয় চূড়ান্ত সাফল্য।
আইএএস পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই আনন্দে ভাসছে গোটা কাঞ্চননগর। ছেলের নাম তালিকায় দেখে আবেগে ভেঙে পড়েন মা। এলাকাবাসীর কথায়, “দরিদ্র পরিবারের ছেলে হয়েও আকিনচন দেখিয়ে দিলেন— স্বপ্ন পূরণে অর্থ নয়, দরকার ইচ্ছাশক্তি ও পরিশ্রম।”
আকিনচন সরকারের এই সাফল্য আজ শুধু একটি পরিবারের নয়, শান্তিরবাজার তথা সমগ্র এলাকার জন্য এক অনুপ্রেরণার নাম। তাঁর জীবনের গল্প নতুন প্রজন্মকে শিখিয়ে দিল— স্বপ্ন বড় হলে, সংগ্রামও একদিন সাফল্যের গল্প হয়ে ওঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*