মুহুরীপুরে মাছের রেনু উৎপাদনের হ্যাচারির উদ্বোধন, উপকৃত হবেন এলাকার মৎস্যচাষীরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ মে || মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুহুরীপুর এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত মাছের রেনু উৎপাদনের হ্যাচারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় মৎস্য দপ্তরের উদ্যোগে নির্মিত এই হ্যাচারিটি ভবিষ্যতে এলাকার মৎস্যচাষীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
জানা যায়, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় উপভোক্তা নির্বাচন করে মুহুরীপুরের বাসিন্দা জনার্ধন নমঃ-কে এই হ্যাচারির দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মৎস্যচাষে সাফল্য ও সুনাম অর্জনের কারণেই মাছের রেনু উৎপাদন প্রকল্পে তাঁর নাম নির্বাচন করা হয়।
সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে কেন্দ্রীয় মৎস্য মন্ত্রী হ্যাচারিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, শান্তিরবাজার মৎস্য দপ্তরের আধিকারিক ওয়াটসন রিয়াং, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফলক উন্মোচন ও ফিতা কেটে হ্যাচারিটির শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চেয়ারম্যান তাপস দত্ত জানান, এই হ্যাচারি চালু হওয়ার ফলে স্থানীয় মৎস্যচাষীরা সরাসরি উপকৃত হবেন। বিভিন্ন প্রজাতির মাছের রেনু এখন সহজেই এখান থেকে সংগ্রহ করা যাবে। ফলে মাছের রেনুর জন্য আর অন্যত্র যেতে হবে না এলাকার মৎস্যচাষীদের।
তিনি আরও বলেন, এই উদ্যোগ মাছ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন হ্যাচারির উদ্বোধনকে ঘিরে মুহুরীপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*