আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে ৷৷ স্বরাষ্ট্র মন্ত্রকের একটি চিঠি ঘিরে গুঞ্জন ছড়িয়েছে গোটা রাজ্যে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি চিঠি প্রকাশ্যে আসে। এই চিঠিতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ১৩১টি বুথে পুনঃভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে। তারপর থেকেই চিঠিকে ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। এই চিঠি দেখে অনেকে মনে করছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ১৩১টি বুথে পুনঃভোট হবে। যদিও এই চিঠিতে পুনঃভোটের কথা বা কবে নাগাদ পুনঃভোট হবে সেরকম কিছু বলা হয় নি।উল্লেখ্য, মঙ্গলবার সি পি আই (এম) রাজ্য কমিটির পক্ষ থেকে এবং সোমবার কংগ্রেসের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পুনঃভোটের জন্য নির্বাচন কমিশনে দাবি জানিয়ে এসেছে।
