নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর ।। রাজ্যে ক্রমশঃই যান দুর্ঘটনা বেড়ে চলছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে আগামী ১১ জানুয়ারী থেকে সারা রাজ্যে সপ্তাহ ব্যাপী সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে। ১১ জানুয়ারী সকালে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আনুষ্ঠানিকভাবে সড়ক নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি শুরু করা হবে। বুধবার সচিবালয়ে পরিবহন দপ্তরের মন্ত্রী মামিক দে’র সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে পরিবহন দপ্তরের মন্ত্রী মামিক দে বলেন, আমাদের রাজ্যেও সড়ক দুর্ঘটনা ক্রমশঃ বাড়ছে। সড়ক নিরাপত্তা সপ্তাহ পালনের মূল ভাবনা হল সড়ক নিরাপত্তা বিষয়ে সব মানুষকে সচেতন করা। সচেতনতা দুর্ঘটনা প্রতিরোধে সব থেকে বেশী সাহায্য করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন মহকুমা সদর, ব্লক সদরেও এই কর্মসূচি পালন করা হবে।

