সুব্রত দাস, গন্ডাছড়া, ২৫ জুলাই || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুই চাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির বেহাল অবস্থায় নিত্যদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। বর্ষার বৃষ্টিতে সেই গর্তে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকরা।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তার এই দুরবস্থা চললেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বারবার আবেদন-নিবেদন করা হলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ছোট যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি মুহূর্তে রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও চরম সমস্যার সম্মুখীন হতে হয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক ও সাধারণ যাত্রীরা যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে সময় নষ্ট হওয়ার পাশাপাশি অতিরিক্ত পরিবহন ব্যয়ও বহন করতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অবিলম্বে সড়কটি পরিদর্শন করে স্থায়ী সংস্কারের উদ্যোগ গ্রহণ করুন। শুধু অস্থায়ী মেরামত নয়, দ্রুত মানসম্মতভাবে রাস্তা পুনর্নির্মাণ করে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, নাকি আরও কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পরই নড়েচড়ে বসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
