সরকারি ছুটি নয়, তবুও দুপুর পর্যন্ত বন্ধ পঞ্চায়েত অফিস, পরিষেবা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন গণ্ডাছড়াবাসী

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৪ জুলাই || সরকারি কোনো ছুটি না থাকা সত্ত্বেও শুক্রবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ ছিল গণ্ডাছড়া মহকুমার সরমা গ্রাম পঞ্চায়েত অফিস। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত সচিব জয় ব্রত চক্রবর্তী প্রায়ই নিজের ইচ্ছেমতো অফিস বন্ধ রাখেন, যার ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, দূরদূরান্ত থেকে বিভিন্ন সরকারি পরিষেবার জন্য পঞ্চায়েত অফিসে এসে প্রায়ই তালাবন্ধ অবস্থায় ফিরে যেতে হয়। এতে সময় ও অর্থ—উভয়েরই অপচয় হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
শুধু সরমা গ্রাম পঞ্চায়েতই নয়, গণ্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর আরডি ব্লক এবং রাইস্যাবাড়ি আরডি ব্লকের একাধিক প্রত্যন্ত পঞ্চায়েতেও একই পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ। বিশেষ করে রাইস্যাবাড়ি ব্লকের বিভিন্ন পঞ্চায়েত অফিস নিয়মিত বন্ধ থাকায় সাধারণ মানুষকে প্রয়োজনীয় সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত সচিবদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের দাবি, ব্লক অফিসে মিটিং থাকায় পঞ্চায়েত অফিস খোলা সম্ভব হয় না। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন এলাকাবাসী। তাঁদের প্রশ্ন, ব্লক অফিসে বৈঠক থাকলেই যদি পঞ্চায়েত অফিস বন্ধ থাকে, তাহলে সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা কীভাবে নিশ্চিত হবে?
স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দায়িত্বে অবহেলার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে বলে তাঁদের দাবি।
এলাকাবাসীর দাবি, বিষয়টি অবিলম্বে তদন্ত করে দায়িত্বে গাফিলতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং প্রত্যন্ত এলাকার মানুষের জন্য নিয়মিত ও নির্বিঘ্নে সরকারি পরিষেবা নিশ্চিত করা হোক। এখন দেখার, প্রশাসন এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*