জীবনের কঠিন লড়াইয়ে স্মৃতিময় নাথ, লিভারের জটিল রোগে আক্রান্ত মনসামঙ্গল কাব্য পাঠকের সাহায্যের আবেদন

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৫ জুলাই || জীবনের কঠিন সংগ্রামের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর টিলা এলাকার বাসিন্দা স্মৃতিময় নাথ। দীর্ঘ প্রায় ছয় বছর ধরে লিভারের জটিল রোগে আক্রান্ত তিনি। দীর্ঘদিনের অসুস্থতার কারণে বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
শুক্রবার নিউজ আপডেট অফ ত্রিপুরা-র প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে স্মৃতিময় নাথ আবেগঘন কণ্ঠে জানান, তিনি বাঁচতে চান। কিন্তু উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে অসহায় হয়ে পড়েছেন। তাই সমাজের সহৃদয় মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “অতীতে যেভাবে অসুস্থ মনশ্রীর পাশে দাঁড়িয়ে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক তেমনভাবেই আমার পাশেও সবাই দাঁড়াক। আমি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।”
চোখের জলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন স্মৃতিময় নাথ। তাঁর বিশ্বাস, মুখ্যমন্ত্রী বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করবেন।
উল্লেখ্য, স্মৃতিময় নাথ সাব্রুম এলাকার একজন সুপরিচিত মনসামঙ্গল কাব্য পাঠক হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তাঁর কণ্ঠে মনসামঙ্গল কাব্য পাঠ শুনে মুগ্ধ হয়েছেন অসংখ্য মানুষ। অথচ আজ সেই পরিচিত শিল্পীই কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য সমাজের কাছে সাহায্যের আবেদন জানাতে বাধ্য হয়েছেন।
স্থানীয়দের মতে, প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা পেলে স্মৃতিময় নাথের চিকিৎসার পথ অনেকটাই সহজ হতে পারে। এখন সকলের প্রত্যাশা, মানবিক উদ্যোগে এগিয়ে এসে তাঁর পাশে দাঁড়াবে সমাজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*