জাতীয় ডেস্ক, ১৫ অক্টোবর ৷। অমর্ত্য সেনের পর এবার অর্থনীতিতে নোবেল পেলো এক বাঙালি। সোমবার অর্থনীতিতে নোবেলের জন্য ঘোষণা করা হল বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়র নাম। তাঁর সঙ্গে নোবেল পেলেন অপর দুই অর্থনীতিবিদ এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমার। বিশ্ব দারিদ্র দূরীকরণে পরীক্ষামূলক বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে নোবেল পেলেন বাঙালি অর্থনীতিবিদ। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যাপনা করেন অভিজিত্ বন্দ্যোপাধ্যায়।
অর্থনীতিতে নোবেল পাওয়া আরেক বাঙালি অমর্ত্য সেন যে কলেজে পড়াশোনা করেছেন, সেই প্রেসিডেন্সি কলেজ থেকেই অর্থনীতিতে স্নাতক হন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। স্নাতকোত্তর করেন দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে। অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেই পাড়ি দেন বিদেশে। ১৯৮৮ সালে হাভার্ড বিশ্ববিদ্যাল থেকে পি এইচ ডি করেন। প্রিন্সটন ইউনিভার্সিটি ও হার্ভার্ডে অধ্যাপনার পাশাপাশি ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে পরীক্ষামূলক গবেষণা চলতে থাকে। তার পর ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজিতে অর্থনীতির অধ্যাপক হিসাবে যোগ দেন। অভিজিৎ এর সঙ্গেই যুগ্মভাবে নোবেল পেয়েছেন তাঁর স্ত্রী এস্থার ডুফলো। এস্থারও অভিজিৎ এর বিশ্ববিদ্যালয়েরই অর্থনীতির অধ্যাপিকা।
