সুব্রত দাস, গন্ডাছড়া, ১৭ মে || গন্ডাছড়া মহকুমায় অজানা রোগের আক্রমণে ব্যাপক হারে গাছ থেকে আম ঝরে পড়ছে। বাজারজাত হওয়ার আগেই আম নষ্ট হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন এলাকার আম চাষিরা। একাধিক বাগানে একই ধরনের সমস্যা দেখা দেওয়ায় লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
মহকুমার পাখি ত্রিপুরা পাড়ার বাসিন্দা জয়মালতি ত্রিপুরার আম বাগানেও একই চিত্র সামনে এসেছে। এলাকায় পরিচিত এই বাগানে বিদেশি উন্নত জাতের বেনানা, মিয়াজাকিসহ বিভিন্ন দামি জাতের আমের চাষ করা হয়। বাগানটিতে তিন হাজারেরও বেশি আম গাছ রয়েছে বলে জানা গেছে। আর মাত্র কয়েকদিন পরেই এসব আম বাজারজাত করার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই অজানা রোগের প্রভাবে গাছ থেকে অপরিণত আম ঝরে পড়তে শুরু করেছে।
বাগানে কর্মরত এক শ্রমিক জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বহু লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। এতে শুধু একটি বাগান নয়, গোটা এলাকার আম চাষিরাই আর্থিকভাবে বড় সংকটে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, উন্নত জাতের দেশি-বিদেশি আম চাষের জন্য সাম্প্রতিক সময়ে গন্ডাছড়া মহকুমা বিশেষ পরিচিতি লাভ করতে শুরু করেছে। মহকুমার নারিকেলকুঞ্জে প্রতি বছর আয়োজিত আম উৎসবও এই অঞ্চলের আম চাষকে নতুন পরিচিতি দিয়েছে। ফলে হঠাৎ এই রোগের প্রকোপ স্থানীয় আম শিল্পের ওপর বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ক্ষতিগ্রস্ত চাষিরা দ্রুত কৃষি দফতরের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের আবেদন, বিশেষজ্ঞ দল পাঠিয়ে রোগের কারণ চিহ্নিত করে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হোক। চাষিদের আশঙ্কা, সময়মতো পদক্ষেপ না নিলে বর্তমান ক্ষতির পাশাপাশি আগামী মৌসুমেও এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
