৫০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি মামলায় দুই অভিযুক্তের ৭ দিনের পুলিশ রিমান্ড

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে || ধলাই জেলার কমলপুর মহকুমার সালেমা থানাধীন এলাকায় প্রায় ৫০ কোটি টাকার আর্থিক প্রতারণা ও ঘোটালা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃতরা হলেন আগরতলা পূর্ব থানার মহিলা কনস্টেবল মেনকা দেববর্মা এবং টিএসআর ১৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ান অজিত দেববর্মা।
জানা গেছে, সালেমা এলাকার এনএইচএম চিকিৎসক সঞ্জনা দেববর্মার লিখিত অভিযোগের ভিত্তিতে সালেমা থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগের পরই তদন্তে নামে পুলিশ এবং পরবর্তীতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার মামলার তদন্তকারী অফিসার ও সালেমা থানার ওসি দীপক দাস অভিযুক্তদের কমলপুর এসডিজেএম আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে উভয় অভিযুক্তকে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী ২৫ মে তাদের পুনরায় আদালতে তোলা হবে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, তদন্তে ইতিমধ্যেই আরও কয়েকজনের নাম উঠে এসেছে। বিপুল পরিমাণ অর্থ লেনদেন এবং প্রতারণার জালের সঙ্গে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার ইঙ্গিত মিলছে। সামাজিক মাধ্যমে অর্থের ছবি ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রশাসনের নজরে আসে এবং তদন্তে উচ্চপদস্থ কর্তাদের সম্পৃক্ততা বাড়ানো হয়।
তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশে অনীহা দেখাচ্ছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে তদন্তকারী মহলের ধারণা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*