আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর ৷। খুব ধূমধামের সহিত রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল পূজো কার্নিভ্যাল “মায়ের বিদায় ২০১৯”। শুক্রবার বিকেলে রাজধানীর সিটি সেন্টারের সন্মুখ থেকে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মূখ্যমন্ত্রী জায়া নীতি দেব, বিজেপি’র সর্বভারতীয় সম্পাদক রাম মাধব, রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা ভৌমিক, বিজেপি’র মিডিয়া সেলের ইন-চার্জ ভিক্টর সোম, বিধায়ক সুশান্ত চৌধুরী প্রমুখ। এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী থেকে পূজো কার্নিভ্যাল শুরু হয়। এই কার্নিভ্যালে প্রায় ৪০টি ক্লাব অংশ নেয় বলে জানা যায়। সিটি সেন্টারের সন্মুখে “মায়ের বিদায়” শীর্ষক অনুষ্ঠানের জন্য সুসজ্জিত মঞ্চ এবং অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ক্লাব সারিবদ্ধ ভাবে একের পর এক নানান থিম নিয়ে নেচে গেয়ে প্রতিমা নিরঞ্জনের জন্য পথ পারি দিয়েছে।
