বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ মে || বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK) থেকে চুরি যাওয়া বোলেরো গাড়ি উদ্ধার এবং এক যুবককে আটক করার ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। চুরির ঘটনার খবর পাওয়ার পর মনপাথর থানার ওসি জয়ন্ত দাসের দ্রুত পদক্ষেপে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয় চুরি হওয়া গাড়িটি। বর্তমানে আটক যুবক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। ফলে চুরির নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
জানা গেছে, শনিবার রাতে বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে একটি বোলেরো গাড়ি-সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যায়। খবর পেয়ে তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে মনপাথর থানার পুলিশ। ওসি জয়ন্ত দাস রাজ্যের বিভিন্ন থানায় বেতার বার্তার মাধ্যমে চুরি যাওয়া গাড়ির নম্বর TR 08-0921 ও বিস্তারিত তথ্য পাঠিয়ে সতর্ক করেন।
পুলিশের এই তৎপরতার ফলেই সালেমা থানার পুলিশ মেহেন্দি এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া বোলেরো গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি আটক করা হয় এক যুবককে। পরে গাড়ি উদ্ধারের খবর পেয়ে শান্তির বাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপ্পী দেববর্মা এবং মনপাথর থানার ওসি জয়ন্ত দাস সালেমায় পৌঁছে উদ্ধার হওয়া গাড়িটি মনপাথর থানায় নিয়ে আসেন।
আটক যুবকের নাম মহরম আলী। তাঁর বাড়ি উদয়পুরের কাকরাবন থানাধীন জামজুরি এলাকায় বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, আটক হওয়ার পর যুবক অসুস্থ হয়ে পড়ে এবং বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে মনপাথর থানার ওসি জয়ন্ত দাস জানান, “চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোটা রাজ্যে অ্যালার্ট জারি করা হয়। সালেমা থানার সহযোগিতায় গাড়ি ও অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। অভিযুক্ত সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি কাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং বাকি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা করা হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”
চুরি কাণ্ডে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। অভিযুক্তের জিজ্ঞাসাবাদের পরই পুরো ঘটনার প্রকৃত চিত্র সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী মহল।
