দক্ষিণ ত্রিপুরায় ৮ দিনব্যাপী ক্রীড়া প্রশিক্ষণ শিবির শুরু, গ্রামাঞ্চলের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ

আপডেট প্রতিনিধি, সাব্রুম, ১৯ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং পোয়াংবাড়ী আর.ডি ব্লকের যৌথ উদ্যোগে শুক্রবার মাধবনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুরু হলো ৮ দিনব্যাপী বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ শিবির। গ্রাম পঞ্চায়েত স্তর থেকে প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রশিক্ষণ শিবিরে মাধবনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভলিবল ও খো-খো খেলায় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি করিমাটিলা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল ও অ্যাথলেটিক্সের বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আগামী আট দিন ধরে বিভিন্ন খেলার প্রশিক্ষকরা খেলোয়াড়দের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোয়াংবাড়ী সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মনিবালা বৈদ্য, মাধবনগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র দাস, পঞ্চায়েত সচিব দুলাল দাসসহ স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন খেলার সামগ্রীও বিতরণ করা হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পোয়াংবাড়ী সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক দাস জানান, গ্রামীণ এলাকার খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় মহলে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। অনেকের মতে, এমন প্রশিক্ষণ শিবির গ্রামীণ এলাকার ক্রীড়াবিদদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*