আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷। রাজ্যের পূর্ত দপ্তরে আর্থিক দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরীকে সোমবার বিশেষ আদালতে তোলা হয়। জানা যায়, এদিন বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরীকে সরাসরি বিশেষ আদালতে নিয়ে আসা হয়। এদিনের শুনানি শেষে আদালত বাদল চৌধুরীর চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। তবে কিছু শর্ত রাখা হয়েছে। শর্ত গুলির মধ্যে রয়েছে বাদল চৌধুরীকে আলাদা রুম, বিছানা, টয়লেট, চিকিৎসক প্রদান করতে হবে। বাড়ির লোকদের দেখা করার সুযোগ দিতে হবে।উল্লেখ্য, ২০০৮-০৯ অর্থবর্ষে পূর্ত দপ্তরে আর্থিক দুর্নীতি মামলায় গত ৮ই নভেম্বর আদালতে বাদল চৌধুরীকে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে বাদল চৌধুরীর ৭ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানানো হলেও ১১ নভেম্বর পর্যন্ত বাদল চৌধুরীকে জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়। সেই মোতাবেক সোমবার (১১ নভেম্বর) বাদল চৌধুরীকে পুনরায় আদালতে তোলা হয়।
