ক্যানসারে আক্রান্ত কিশোরীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, সাহায্যের হাত বাড়াতে রাজ্যবাসীর প্রতি আহ্বান

গোপাল সিং, খোয়াই, ১৭ মে || মারণ রোগ ক্যানসারে আক্রান্ত ১৬ বছর বয়সী এক কিশোরীর চিকিৎসার খরচ জোগাতে এবং উন্নত চিকিৎসার স্বার্থে মানবিক আবেদন নিয়ে এগিয়ে এলেন তিপ্রা মথা পার্টির রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। অসুস্থ কিশোরীর অসহায়তার কথা জানতে পেরে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করার পাশাপাশি এই লড়াইয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার জন্য নিজের সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ১৬ বছর বয়সী এক কিশোরী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। প্রথম দিকে পরিবার একজন ভালো চিকিৎসকের সন্ধান করলেও নানা প্রতিকূলতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি এবং সজনার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। পরবর্তীতে তাকে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে ক্যানসার রোগ সনাক্ত করেন। বর্তমানে কিশোরীটি জিবি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মুম্বই নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এক মধ্যবিত্ত পরিবারের পক্ষে মুম্বইয়ের মতো ব্যয়বহুল জায়গায় ক্যানসারের চিকিৎসা করানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
কিশোরীটির এই অসহায় অবস্থার কথা সামাজিক মাধ্যমে দেখার পর কালবিলম্ব না করে হাসপাতালে তাকে দেখতে ছুটে যান বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি তার শয্যাপাশে কিছু সময় কাটান, তার চিকিৎসার খোঁজখবর নেন এবং সশরীরে উপস্থিত থেকে নিজের সাধ্যমতো কিছুটা আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দেন।
এরপর বিধায়ক তাঁর ব্যক্তিগত সামাজিক মাধ্যমে তার এই লড়াইয়ের কথা তুলে ধরে এক মর্মস্পর্শী পোস্ট করেন। তিনি লেখেন, “সোশ্যাল মিডিয়ায় এই খবরটি দেখার পর আমি তাকে দেখতে যাই এবং সাধ্যমতো কিছুটা সহায়তা করি। সজনাকে বাঁচানোর এবং সাহায্য করার এই প্রচেষ্টায় দয়া করে আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান।” তিনি আরও বলেন, আর্থিক অনটনের কারণে যেন একটি তরতাজা প্রাণ অকালে ঝরে না যায়, তার জন্য সমাজের প্রতিটি সহৃদয় ব্যক্তির এগিয়ে আসা উচিত।
সজনার দ্রুত আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানানোর পাশাপাশি, তার চিকিৎসার জন্য ত্রিপুরার আপামর জনগণকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। বিধায়কের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*