আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি ৷। না ফেরার দেশে পাড়ি দিলেন রাজ্যের পৌর কাউন্সিলের প্রাক্তন সদস্যা তথা সমাজ কর্মী কল্যাণী দে। রবিবার দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ হাপানিয়াস্থিত ত্রিপুরা ম্যাডিকেল কলেজের আই সি ইউ’তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন্ন তিনি। স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে’র সহধর্মিণী ছিলেন প্রয়াতা কল্যাণী দে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, পুত্রবধুদ্বয়,নাতী, নাতনী সহ স্যন্দন পরিবারের সদস্য-সদস্যাদের রেখে গেছেন। কর্মজীবনে তিনি শিক্ষা দপ্তরের কর্মী ছিলেন। পরবর্তী সময়ে ত্রিপুরা কংগ্রেসের সহ-সভানেত্রী এবং আগরতলা ২১নং ওয়ার্ডের কাউন্সিলার হিসেবে বিভিন্ন জনহিতকর কাজে যুক্ত ছিলেন।
প্রয়াতা কল্যাণী দে দীর্ঘদিন ধরে হাপানিয়াস্থিত ত্রিপুরা ম্যাডিকেল কলেজের আই সি ইউ’তে চিকিৎসাধীন ছিলেন। রবিবার প্রয়াতার পার্থিব দেহ বাড়িতে নিয়ে যাবার পর রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মূখ্যমন্ত্রী জায়া নীতি দেব, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক আশিষ কুমার সাহা, প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল রায়, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, সমাজসেবী ফুলন ভট্টাচার্য, সাংবাদিক বন্ধুরা, বিশিষ্ট সমাজসেবকরা তাঁর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান। তাঁর প্রয়াণে সকল মহলেই শোকের ছায়া নেমে এসেছে।