আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৪ জানুয়ারী ||বাংলায় একটা প্রবাদ আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন। এমন একটি ঘটনা ঘটল বক্সনগর নয়নজলা এলাকায়। গরু চোরকে ধরে এনে গণধোলাই দিল এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকেল ৪টায় কলমচৌড়া থানাধীন নয়নজলা এলাকার খোকন মিয়ার একটি গরু রাস্তার পাশে দেওয়া অবস্থায় রহিমপুর এলাকার কামাল হোসেন নামে এক ব্যক্তি গরুটিকে সেখান থেকে রহিমপুর এলাকায় নিয়ে যায়। কামাল হোসেন গরুটিকে বাংলাদেশে পাচার করতে না পেরে রহিমপুর একটি জঙ্গলে বেঁধে রাখে। পরবর্তী সময়ে গরুর মালিক এলাকার লোকজন ও রহিমপুর এলাকায় খোঁজখবর নিয়ে দেখতে পায় কামাল হোসেন একটি জঙ্গলের মধ্যে গরুটিকে বেঁধে রাখে। জঙ্গল থেকে গরুটি সহ কামাল হোসেনকে নয়নজলা এলাকায় ধরে নিয়ে আসে। চোরটিকে ধরে এনে নয়নজলা গরুর মালিক খোকন মিয়ার বাড়ির পাশে একটি কারেন্টের খুঁটির সাথে বেঁধে উত্তম-মধ্যম দেয় এলাকাবাসী। বিশেষ করে এলাকার মেম্বারও তাকে প্রচণ্ড মারধোর করে। অপরদিকে চোর কামাল হোসেনের বক্তব্য, তার নাকি একটি গরু অনেকদিন যাবত পাওয়া যাচ্ছে না, তাই গরুটি তার মনে করে কাউকে না বলে গরুটি এখান থেকে তার বাড়িতে নিয়ে যায়। পরবর্তী সময় সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়, চোরটিকে জনতার কবল থেকে রক্ষা করে কলমচৌড়া থানার হাতে তোলে দেয়। চোরটি বর্তমানে কলমচৌড়া থানার গারদে রয়েছে।
