গোপাল সিং, খোয়াই, ১৪ আগস্ট || বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিপুল জনসমাগমের মধ্য দিয়ে সাফল্যের সঙ্গে সমাপ্ত হলো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কর্মসূচি। শুক্রবার খোয়াই টাউন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মহকুমার দুই শতাধিক শিল্পীর অংশগ্রহণে কবিতা, সংগীত, নৃত্য ও আলেখ্য পরিবেশিত হয়।
গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া দীর্ঘ এই উদযাপন কর্মসূচিতে বৃক্ষরোপণ, চারা বিতরণ, রক্তদান শিবির ও বিশেষ সেমিনারের পাশাপাশি সংগীত, নৃত্য, আবৃত্তি, প্রবন্ধ, বসে আঁকো এবং মুখোশ নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগে খোয়াই মহকুমার প্রতিভাবান শিল্পী ও ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শুক্রবার সকালে কবি সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মর্মর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধা জানান জন্মশতবর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন পুরপিতা সুখেন্দু বিকাশ দে, অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি দীপাল ঘোষ-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এরপর বিকেলে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নীরেন্দ্র ঘোষের উপস্থিতিতে শতাধিক অঙ্কন শিল্পীর ক্যানভাস ‘অনুভবে সুকান্ত’ এবং বিশেষ মুখোশ নির্মাণ প্রতিযোগিতা ‘প্রিয় মুখ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সন্ধ্যায় খোয়াই টাউন হলে আয়োজিত মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন। কবিতা, সংগীত, নৃত্য ও আলেখ্য পরিবেশনের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব উপস্থাপিত হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস, সুখেন্দু বিকাশ দে, নাট্য ব্যক্তিত্ব অভীক প্রসাদ চক্রবর্তী এবং সমাজসেবী পলাশ ভৌমিক-সহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অরুণ পাল। তীব্র গরম উপেক্ষা করেও সমাপনী অনুষ্ঠানকে ঘিরে টাউন হলে দর্শক-শ্রোতাদের ছিল উপচে পড়া ভিড়। সমগ্র আয়োজনের মধ্য দিয়ে খোয়াইয়ে সুকান্তের সাহিত্য, জীবন ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক সুন্দর প্রয়াসের সাক্ষী থাকলেন শহরবাসী।
