বলরাম দেবনাথ, সাব্রুম, ১৫ আগস্ট || “স্বাধীনতা মানেই সংগ্রামের সমাপ্তি নয়, এটি দায়িত্ববোধের সূচনা”— এই বার্তাকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও দেশাত্মবোধের আবহে উদযাপিত হলো ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে আয়োজিত জেলা ভিত্তিক মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় ও সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।
অনুষ্ঠানের সূচনায় মন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। সমবেত জনগণের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, স্বাধীনতা শুধু একটি অধিকার নয়, দেশ ও সমাজ গঠনের ক্ষেত্রে এটি প্রত্যেক নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরব রক্ষার পাশাপাশি ত্রিপুরার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গৌরবময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, দক্ষিণ জেলার পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ এবং বিলোনিয়া পৌরসভার পৌরপিতা নিখিল চন্দ্র গোপ। এছাড়াও প্রশাসনের পদস্থ আধিকারিক, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের নজর কাড়ে।
জাতীয় পতাকার মর্যাদা, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ এবং দেশপ্রেমের আবেগে মুখরিত হয়ে ওঠে গোটা বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠ। শেষপর্যন্ত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবসের জেলা ভিত্তিক মূল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
