৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পি এম শ্রী আমজাদ নগর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য তিরঙ্গা র‍্যালি

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৪ আগস্ট || ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অঙ্গ হিসেবে এবং দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পি এম শ্রী আমজাদ নগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হলো এক বর্ণাঢ্য তিরঙ্গা র‍্যালি। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিকে ঘিরে সমগ্র আমজাদ নগর এলাকা এদিন দেশাত্মবোধের আবহে মুখরিত হয়ে ওঠে।
এই গৌরবময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ, হৃষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভু নাথ কর-সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা জাতীয় পতাকার গুরুত্ব ও মর্যাদা তুলে ধরেন। তাঁরা বলেন, তিরঙ্গা শুধুমাত্র একটি জাতীয় পতাকা নয়, এটি দেশের স্বাধীনতা সংগ্রাম, বীর শহিদদের আত্মত্যাগ, জাতীয় মর্যাদা এবং ঐক্যের প্রতীক। তিরঙ্গার নিচে দেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ—এই চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে আরও শক্তিশালী করে তুলতে এ ধরনের কর্মসূচির বিশেষ গুরুত্ব রয়েছে।
র‍্যালিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা হাতে জাতীয় পতাকা নিয়ে দেশাত্মবোধক স্লোগান দেন। তাঁদের কণ্ঠে দেশপ্রেমের বার্তা এবং হাতে উড়তে থাকা তিরঙ্গায় গোটা এলাকা যেন জাতীয়তাবোধের আবেগে ভেসে ওঠে। র‍্যালির মাধ্যমে ঐক্য, সম্প্রীতি, দেশপ্রেম ও জাতীয় চেতনার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এমন বর্ণাঢ্য কর্মসূচি ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*