বলরাম দেবনাথ, সাব্রুম, ১৫ আগস্ট || যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অভয়নগর নলুয়া জ্যোতিশ্বরানন্দ শিশু নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুলে উদযাপিত হলো দেশের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানের শুরুতে মর্যাদাপূর্ণ পরিবেশে যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জ্যোতির্ময় দাস এবং সোসাইটি কমিটির প্রেসিডেন্ট স্বপন রায়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যালয় সোসাইটি কমিটির সেক্রেটারি নারায়ণ ভৌমিক।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন নলুয়া সংকরমঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী সূর্যানন্দ গিরি মহারাজ। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করে।
শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
