আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি || রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ উর্দ্ধমুখি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয় ১,০০৭ জন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, রাজ্যে গত ২৪ ঘন্টায় ৯,৫১৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৮৮৬ জনের আর টি পি সে আর এবং ৮,৬২৮ জনের র্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ১,০০৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
বৃহস্পতিবার রাজ্যে পজেটিভিটি রেট হলো ১০.৫৮ শতাংশ। এদিন ৯২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেন। তবে এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়নি কারোর।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ১,০০৭ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৫৭৬ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ৯১, সিপাহীজলায় ৬২, ধলাই জেলায় ৬৪, খোয়াই জেলায় ৩৬, ঊনকোটি জেলায় ৫৯, গোমতী জেলায় ৪২ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ৭৭ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ৩,৭৫৯ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৯,২২১ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ৮৪,৫৬৫ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৮২৯ জনের।
