সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ ফেব্রুয়ারী || লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক ২২ বছর বয়সি যুবকের। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৪৫ মাইল এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে বৃহস্পতিবার ভোর রাতে। এই ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ২২ বছর বয়সি সাহিল কুমারকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।
এদিকে ঘটনার বিবরণে জানা যায়, হালকা মাঝারি বৃষ্টিতে জাতীয় সড়কের বেহাল অবস্থার ফলে যানজট সৃষ্টি হয়। ফলে লরির সহ-চালক লরি থেকে নেমে পেছনের চাকায় জাম দিতে চলে যায়। সেই সময় অপর এক বহিঃরাজ্যের লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লরির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই লরির পেছনে জাম দিতে যাওয়া লরির সহ-চালকের মৃত্যু ঘটে। বর্তমানে তার মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মুঙ্গিয়াকামি থানার পুলিশ।
