পুর নির্বাচন ঘিরে ভোটার তালিকা ও আসন সংরক্ষণ নিয়ে প্রশ্ন আশিস সাহার, বিজেপিকে হারানোই কংগ্রেসের লক্ষ্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর || আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা, আসন সংরক্ষণ নীতি এবং নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একাধিক প্রশ্ন তুললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছে কংগ্রেস।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিস কুমার সাহা প্রশ্ন তোলেন, ২০২১ সালের অক্টোবরের ভোটার তালিকাকে ভিত্তি করে কেন আসন্ন পুর নির্বাচন পরিচালনা করা হচ্ছে। তাঁর বক্তব্য, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কোনও নাগরিক যেন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা জরুরি। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
আসন সংরক্ষণ নীতি প্রসঙ্গে কংগ্রেস সভাপতির অভিযোগ, নির্ধারিত রোস্টার যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। তাঁর দাবি, পুর নির্বাচন সংক্রান্ত আইন ও সংরক্ষণের নিয়ম মেনেই আসন বণ্টন করতে হবে। কিন্তু সংরক্ষণের পদ্ধতিতে বারবার পরিবর্তন এনে নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানা যায়নি।
আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন আশিস কুমার সাহা। তাঁর দাবি, স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ চিহ্নিত করে সংশ্লিষ্ট তালিকা প্রশাসনের কাছে জমা দিয়েছে কংগ্রেস। পাশাপাশি, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানানো হয়েছে।
তবে এ বিষয়ে এখনও সন্তোষজনক পদক্ষেপের আশ্বাস মেলেনি বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
আসন্ন পুর নির্বাচনে বিজেপিকে পরাজিত করাই কংগ্রেসের প্রধান লক্ষ্য বলে স্পষ্ট জানিয়ে দেন আশিস কুমার সাহা। সিপিএমের সঙ্গে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই মুহূর্তে দলীয় স্তরে আলোচনা চলছে। বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে সাংগঠনিক শক্তি ও পরিস্থিতি বিবেচনা করেই নির্বাচনে লড়াইয়ের কৌশল নির্ধারণ করবে কংগ্রেস। আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব হয়ে কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, অপশাসন, দুর্নীতি ও প্রশাসনিক পক্ষপাতের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। তাঁর দাবি, পাহাড়ের পাশাপাশি সমতলেও শাসকদলের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে আসন্ন পুর নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন আশিস কুমার সাহা। তাঁর মতে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমেই মানুষের প্রকৃত মতামত প্রতিফলিত হওয়া উচিত। ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রেখে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*