আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর || ন্যূনতম মজুরি প্রদান, স্কুলে কম্পিউটার শিক্ষার সুষ্ঠু বাস্তবায়ন এবং শিক্ষক-শিক্ষাকর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নামল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়ে নিজেদের দাবি-দাওয়া নিয়ে সরব হন সংগঠনের সদস্যরা। দাবি পূরণের লক্ষ্যে শিক্ষা দপ্তরের কাছে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে তাঁরা কর্মসূচি গ্রহণ করেন।
সংগঠনের সদস্যদের অভিযোগ, স্কুলে কম্পিউটার শিক্ষার প্রসারে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ন্যূনতম মজুরি-সহ বিভিন্ন ন্যায্য সুযোগ-সুবিধার প্রশ্নে তাঁদের সমস্যার সমাধান হয়নি। তাই দীর্ঘদিনের দাবিগুলি পূরণের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবিগুলি দ্রুত বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী সপ্তাহ থেকে জেলাভিত্তিক আন্দোলন শুরু করা হবে। পাশাপাশি, সমস্যার সমাধান না হলে আগামী ১০ তারিখের পর গণইস্তফার পথেও হাঁটতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।
স্কুল কম্পিউটার শিক্ষকদের এই কর্মসূচিকে ঘিরে শিক্ষা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।
