আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগস্ট || ১৫ই আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেলসহ পরিবারের ১৮ জন সদস্যকে ঘৃণ্য ঘাতকরা এই দিনে হত্যা করে।
বাংলাদেশের মহান স্বাধীনতার রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭’তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের পক্ষ থেকে রাজধানীর হোটেল সোনার তরীতে আয়োজিত বঙ্গবন্ধুর স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তথ্যমন্ত্রী বলেন, শেখ মুজিবুর রহমানকে দেখার সৌভাগ্য আমার হয়নি! কিন্ত তাঁর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জী’র মেধা, রাজনৈতিক সাহসীকতা, প্রজ্ঞার মধ্যে সেই মহানায়কের পরিচয় পেয়েছি!
বাংলাদেশের প্রতিবেশী হিসেবে আমরা আশাবাদী শেখ হাসিনা-জী’র হাতে সফলভাবে মুজিব-আদর্শে এগিয়ে যাবে বাংলাদেশ।
এদিন ইতিহাসের প্রবাদ পুরুষ, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানান তথ্যমন্ত্রী।
