আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট || ১৫ই আগস্ট আগরতলার অন্যতম বনেদি ক্লাব সংহতি সংঘের প্রতিষ্ঠা দিবস। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিলো। সোমবার দেশের সাথে এই ক্লাবেরও ছিল ৭৫’তম বর্ষপূর্তি। এদিন সংহতি সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব গৃহে রক্তদান, মরনোত্তর চক্ষুদান ও দেহদান, বিবাহ নিবন্ধীকরণ এবং আধার নিবন্ধীকরণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সমাজের উন্নয়নে ক্লাবগুলোর অবদান অনস্বীকার্য। রক্তদান, মরনোত্তর চক্ষুদান ও দেহদানের মতো মহান কর্মসূচি ক্লাবগুলো বছরব্যাপী করে থাকে। রাজ্য সরকারও রাজ্যের জনগণের সার্বিক উন্নয়নে সচেষ্ট। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্র কল্যাণের চিন্তা ভাবনা আমাদেরকে কাজ করার শক্তি প্রদান করে।
