আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মার্চ || আগামী ৮ই মার্চ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যে নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ ও বিজেপি’র সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷ এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে বর্তমানে চলছে চূড়ান্ত প্রস্তুতি৷ রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিজেপি’র সর্ব ভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা,ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা৷
