আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি || শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন। এদিন সকালে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নুল্লুর ভাষনের মধ্য দিয়ে সূচনা হয় বিধানসভার শীতকালীন অধিবেশন।
এদিন বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে বরাদ্দ বেড়েছে। প্রত্যেক বিধায়কের এই তহবিল ৫০ লক্ষ টাকা থেকে বেড়ে ৭৫ লক্ষ টাকা হয়েছে। অর্থাৎ, এখন থেকে আরও ২৫ লক্ষ টাকা প্রত্যেক বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। তাতে, রাজ্যের মোট ৬০ জন বিধায়কের ৩০ কোটি টাকা ব্যয় হচ্ছে। তাতে, অতিরিক্ত ১৫ কোটি টাকার প্রয়োজন রয়েছে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বিরোধীরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং সিপিআই(এম) বিধায়ক দীপঙ্কর সেন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ ১ কোটি টাকা করা হোক দাবী রেখেছিলেন।
