গোপাল সিং, খোয়াই, ০৬ জানুয়ারি || গাছ কাটতে গিয়ে গাছের নীচে চাপা পড়ে মৃত্যু হল ৫০ বছরের এক শ্রমিকের। ঘটনা খোয়াই থানাধীন ধলাবিল এলাকার পালপাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ সুকুমার মালাকার নামে এক শ্রমিক অন্যান্য শ্রমিকদের সাথে গাছ কাটার কাজ শুরু করে। কিন্তু এক দিক কেটে অন্য দিক কাটার মুহূর্তেই গাছটি উনার উপর আছড়ে পড়ে যায়। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা ঘটনাটি প্রত্যক্ষ করে এবং আহত শ্রমিককে তড়িঘড়ি নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে। জেলা হাসপাতালের চিকিৎসক শ্রমিককে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে মৃত শ্রমিকের স্ত্রী ও তার পরিবার। মৃত শ্রমিকের বাড়ী তেলিয়ামুড়ায় বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
