আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ || এইচ আই ভি/এইডস সংক্রমণের ক্ষেত্রে ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগস নেওয়ার প্রবণতা অন্যতম্য একটি কারণ। আক্রান্তদের তিরস্কার না করে তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আয়োজিত এইচ আই ভি/এইডস সংক্রান্ত সচেতনতামূলক কার্য্যক্রমের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সচেতনতার পাশাপাশি নজরদারি বৃদ্ধিই যুবশক্তিকে ড্রাগসের কবল থেকে দূরে রাখার অন্যতম উপায়। এই ক্ষেত্রে অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, রাজ্যে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত এইচ আই ভি আক্রান্ত হয়েছে ৫,৩৩০ জন। এর মধ্যে পুরুষ ৪,২৯৫ জন এবং মহিলা রয়েছে ১,০৩৩ জন। ছাত্র-ছাত্রীর সংখ্যা রয়েছে ৫৫৮ জন। প্রতিমাসে ১৫০ থেকে ২০০ জন এইচ আই ভি’তে আক্রান্ত হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
