সুব্রত দাস, গন্ডাছড়া, ১৯ জুন || লাগতার বর্ষণে বাড়ছে বিভিন্ন নদীর জল স্তর। মানুষ ব্যস্ত মাছ ধরতে আর জলের আঘাত থেকে সম্পত্তি বাঁচাতে। প্রকৃতি আরো সবুজ ও মোহময়ী হয়ে উঠেছে এই বৃষ্টিধারায়। এরই মধ্যে এই বৃষ্টিকে উপেক্ষা করে জলপথে নারিকেল কুঞ্জে পৌঁছলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার রাজ্যপালের এই সফর। আগরতলা থেকে অমরপুর হয়ে নৌকাঘাট। সেখান থেকে জলপথে নারিকেল কুঞ্জ। বিকাল ৪টা ৩০ মিনিট নাগাদ রাজ্যপাল এসে পৌঁছান নারিকেল কুঞ্জে। সঙ্গী ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা, গোমতি জেলা শাসক, ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন রাজ্যপাল রাত্রি যাপন করেন নারিকেল কুঞ্জে।
