সুব্রত দাস, গন্ডাছড়া, ০৬ জুলাই || গভীর নেশায় ভাসছে গোটা গন্ডাছড়া মহকুমা। গন্ডাছড়া মহকুমা সদর বাজার সহ মহকুমার আনাচে কানাচে হাত বাড়ালেই নেশাখোরদের মিলে যাচ্ছে যাবতীয় নেশা সামগ্রী। যেমন দেশী বিদেশী মদ, ব্রাউন সুগার, আফিং, গাঁজা সহ নানাহ নেশা সামগ্রী। এতে বর্তমান যুব সমাজের একটি বৃহত্তর অংশ ছুটে চলেছে অন্ধকারের দিকে। নষ্ট হচ্ছে মহকুমা সদর সহ গ্রামীণ পরিবেশ। ওইসব নেশাখোরদের অত্যাচারে অতিষ্ট সাধারণ মানুষজন। গোটা গন্ডাছড়া মহকুমার বিভিন্ন গ্রাম পাড়ায় প্রায় প্রতিদিন সংগঠিত হচ্ছে চুরিকান্ড। এতে উদ্বিগ্ন মহকুমার বুদ্ধিজীবি মহল
এখন আবার নতুন নিয়ম চালু করেছে মহকুমার নেশা বিক্রেতারা। নেশাখোরদের বাড়ী বাড়ী নেশা পৌঁছে দিচ্ছে কারবারিরা। নেশাখোররা যেখান থেকেই ফোন করবেন সেখানেই নেশা নিয়ে হাজির হয়ে যাবেন বিক্রেতারা। বাইক, গাড়ি এবং অটোতে করে বাড়ী বাড়ী নেশা সাফলাই করে চলেছে নেশা কারবারিরা।
গত বেশ কিছুদিন যাবৎ নেশা কারবারিদের নেশা বিক্রির এই নতুন কৌশলের খবর আসছিলো গন্ডাছড়া মহকুমা থানায়। গন্ডাছড়া মহকুমা থানায় আসা লাগাতর অভিযোগগুলির সত্যতা পেয়ে মাঠে নামে গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ। গত বেশ কয়েকদিন যাবৎ গন্ডাছড়া মহকুমার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ছোট বড় যানগুলিতে ব্যাপকভাবে তল্লাশি অভিযান শুরু করেছে প্রশাসন। শনিবারও সাতসকাল থেকে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন রাস্তায় ছোট বড় যানগুলিতে তল্লাশি অভিযান চালায় গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ। গত কয়েকদিনের লাগাতর যান তল্লাশির ফলে কিছুটা হলেও কোনঠাসা হয়ে পড়েছে নেশাখোর এবং নেশা বিক্রেতারা। গন্ডাছড়া মহকুমার সাধারণ মানুষজন চায় বর্তমান প্রজন্মকে রক্ষা করতে এভাবেই বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করুন আরক্ষা কর্মীরা।
