গোপাল সিং, খোয়াই, ১০ জুলাই || খোয়াইয়ের লালছাড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন (SFI)-এর খোয়াই বিভাগীয় কমিটি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশীষ দেবরায়ের কাছে চার-দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
SFI-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাব রয়েছে। কয়েক মাস আগে একমাত্র বিজ্ঞান শিক্ষককে বদলি করে দেওয়ায় ছাত্রীদের পঠনপাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য রাষ্ট্রবিজ্ঞান ও সংস্কৃত বিষয়ের কোনো শিক্ষক নেই। অথচ চলতি মাসেই ছাত্রীদের পরীক্ষা। এই পরিস্থিতিতে অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে।
শিক্ষক সংকটের পাশাপাশি পরিকাঠামোগত একাধিক বিষয়ও তুলে ধরা হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে, ছাত্রীদের জন্য পর্যাপ্ত বেঞ্চ-ডেস্ক ও শ্রেণিকক্ষে পাখার ব্যবস্থা করা, বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য রাখা, অভিভাবকদের সঙ্গে নিয়মিত সভার আয়োজন করা।
SFI নেতৃত্ব জানিয়েছে, ছাত্রীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এই দাবিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা।
