কৃত্রিম মেধার (AI) যুগে লিটল ম্যাগাজিনকে বাঁচিয়ে রাখার শপথ, খোয়াইয়ে নতুন নেতৃত্বে সাহিত্য ফোরাম

গোপাল সিং, খোয়াই, ১০ জুলাই || কৃত্রিম মেধার (AI) যুগে যখন মুদ্রিত অক্ষরের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন, ঠিক তখনই লিটল ম্যাগাজিনকে বাঁচিয়ে রাখার নতুন শপথ নিল খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরাম। সম্প্রতি জেলার কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত আলোচনার মাধ্যমে ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে, যার নেতৃত্বে এসেছেন রাজ্যের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও কবি মনোরঞ্জন গোপ।
মনোরঞ্জন গোপের নেতৃত্বে এই নতুন কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি দীপেন নাথ শর্ম্মা এবং কোষাধ্যক্ষ হয়েছেন সুব্রত আচার্য্য। সহ-সভাপতি হিসেবে প্রিয়তোষ ঘোষ ও প্রণব কান্তি চৌধুরীর মতো বরিষ্ঠ ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তি কমিটিকে আরও শক্তিশালী করেছে। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে অফিস সম্পাদকের দায়িত্বে এসেছেন কবি সৌর প্রতিম শর্ম্মা।
বৈঠকে শুধু কমিটি গঠনই নয়, বরং সাহিত্য পত্রিকার ভবিষ্যৎ এবং তার পথচলা নিয়েও গভীর আলোচনা হয়।
এদিকে কবি সৌর প্রতিম শর্ম্মা তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, “লিটল ম্যাগাজিন নিছক কাগজ নয়, এ হলো সময়ের দলিল। AI-এর এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। লিটল ম্যাগাজিন বেঁচে থাকলেই সাহিত্য ও সংস্কৃতি বেঁচে থাকবে।” এই নতুন কমিটি খোয়াই তথা রাজ্যের সাহিত্য-সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী জেলার সাহিত্যপ্রেমী মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*