জনতার হাতে চোর আটক: গন্ডাছড়ায় লাগাতার চুরি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

সুব্রত দাস, গন্ডাছড়া, ১০ জুলাই || গন্ডাছড়া মহকুমার সম্পদ মন্ডল পাড়ায় ফের এক চুরির ঘটনার পর জনতার তৎপরতায় এক কুখ্যাত চোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সম্পদ মন্ডল পাড়ার বাসিন্দা জতি পালের বাড়ি থেকে একটি সাইকেল চুরির অভিযোগ উঠে আসতেই এলাকাবাসীর সক্রিয় ভূমিকায় চোরকে হাতেনাতে ধরে ফেলা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম মঙ্গল জামাতিয়া, যিনি অমরপুর মহকুমার ডালাক দোলমা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চুরির ঘটনা চোখে পড়ামাত্রই এলাকার যুবকরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করে এবং কিছুদূর তাড়া করার পর মঙ্গল জামাতিয়াকে পাকড়াও করে। খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হেফাজতে নেয়।
সম্প্রতি গন্ডাছড়া মহকুমা এলাকায় লাগাতার চুরির ঘটনায় জনজীবন ব্যাহত হয়ে পড়েছে। নেশাগ্রস্ত যুবকদের দ্বারা সংঘটিত এসব চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বাতাবরণ তৈরি হয়েছে। মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতিদিনই চুরির খবর উঠে আসছে।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ এসব চুরির ঘটনায় প্রায়শই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আজকের এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে আরও প্রশ্নের জন্ম দিয়েছে।
একইসাথে এই ঘটনা এও প্রমাণ করে দিয়েছে, নিজেদের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় সাধারণ মানুষ কতটা সচেতন ও সজাগ। জনতার হাতে চোর আটক হওয়া যেন পুলিশের ব্যর্থতাকেই স্পষ্ট করে তুলেছে।
এলাকাবাসীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, মহকুমায় চুরি দমনে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া হোক এবং এই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*