আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || শুক্রবার সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হলো কমন সার্ভিস সেন্টার (CSC)-এর ১৬’তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান। প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই পরিষেবার বর্ষপূর্তি ঘিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দপ্তরের সচিব তথা আইএস অফিসার কিরণ গীত্যে।
এই উপলক্ষ্যে বক্তারা ডিজিটাল ইন্ডিয়া মিশনের অগ্রগতিতে CSC-এর ভূমিকা এবং ত্রিপুরায় ডিজিটাল পরিষেবার সম্প্রসারণে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।
মেয়র দীপক মজুমদার বলেন, “CSC শুধুমাত্র ডিজিটাল পরিষেবা নয়, গ্রামীণ ও প্রান্তিক মানুষের কাছে সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পকে পৌঁছে দেওয়ার এক বলিষ্ঠ মাধ্যম।”
বিশেষ অতিথি কিরণ গীত্যে তাঁর বক্তব্যে বলেন, “ত্রিপুরার প্রতিটি অঞ্চলে CSC-এর উপস্থিতি তথ্য প্রযুক্তি ব্যবস্থাকে শক্তিশালী করছে। আগামী দিনে আরো আধুনিক পরিষেবা যোগ করে এই প্ল্যাটফর্মকে আরও কার্যকর করে তোলা হবে।”
অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত CSC প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
