বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ জুলাই || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামরাইবাড়ী এলাকার বাসিন্দা রঞ্জিত দেবনাথের সহধর্মিণী রিয়া দেবনাথ ও তাঁর দুই বছরের কন্যাসন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
ঘটনার বিবরণে জানা গেছে, গত সোমবার রিয়া দেবনাথ তাঁর দুই বছরের মেয়েকে সঙ্গে নিয়ে পশ্চিম জোলাইবাড়ীর ৬ নম্বর ওয়ার্ডে তাঁদের নিজস্ব বাসভবনে আসেন। কিন্তু পরবর্তীতে মা-মেয়ে দু’জনেই নিখোঁজ হয়ে পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তাঁদের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন রিয়ার পরিবার।
অবশেষে মঙ্গলবার রিয়ার মা প্রতিমা দেবনাথ, জামাতা রঞ্জীত দেবনাথকে সঙ্গে নিয়ে জোলাইবাড়ী ফাঁড়িতে গিয়ে নিখোঁজের বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর ফের একবার থানায় গিয়ে খোঁজখবর নিতে গেলে, কর্তব্যরত পুলিশ অফিসার পরিবারকে জানান যে, রিয়া দেবনাথ বর্তমানে আসাম রাজ্যের করিমগঞ্জে অবস্থান করছেন। পাশাপাশি, তাঁকে সেখান থেকে খুঁজে আনতে পরিবারের লোকজনকেই পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেন থানার কর্তৃপক্ষ।
এই ধরনের ‘উপেক্ষাজনক’ আচরণে তীব্র ক্ষোভে ফেটে পড়েন রিয়ার মা প্রতিমা দেবনাথ। তিনি বলেন, “পুলিশ যদি সাহায্য না করে, তাহলে আমরা কোথায় যাব? মেয়ে ও নাতনিকে খুঁজে বের করা কি পুলিশের দায়িত্ব নয়?”
এই ঘটনায় মর্মাহত হয়ে প্রতিমা দেবনাথ শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের দ্বারস্থ হন। তিনি আবেদন জানিয়েছেন যেন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁর মেয়ে ও নাতনির সন্ধান দেয়।
এখন দেখার বিষয়, এতসব অভিযোগ ও আর্তির পর পুলিশ প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং কত দ্রুত নিখোঁজ রিয়া দেবনাথ ও তাঁর দুই বছরের কন্যাসন্তানকে খুঁজে বের করা সম্ভব হয়।
