বাড়িতে হানা দিয়ে ব্রাউন সুগার উদ্ধার, মা-ছেলে সহ গ্রেপ্তার ৩, পলাতক ১

গোপাল সিং, খোয়াই, ১২ জুলাই || খোয়াইয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় বাড়ির গৃহকর্ত্রী ও তাঁর ছেলে সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহকর্তা পলাতক। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় খোয়াই থানার অন্তর্গত পহরমুড়া পঞ্চায়েতের গোদারাঘাট এলাকায়।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে, শনিবার রাত আনুমানিক সাতটা নাগাদ খোয়াই থানার পুলিশ গোদারাঘাট এলাকার একটি বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে বেশ কিছু পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ বাড়ির গৃহকর্ত্রী অঞ্জনা সিং (৪৫), তাঁর ছেলে প্রতাপ চন্দ্র সিং (২০) এবং অতুল দেববর্মা (৪৫) নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। অতুল দেববর্মার বাড়ী চাম্পাহাওড় এলাকায়। অপরদিকে গৃহকর্তা প্রদীপ সিং পলাতক।
পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে এই বাড়িটিকে কেন্দ্র করে মাদক কেনাবেচার একটি চক্র সক্রিয় ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করে ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*