গোপাল সিং, খোয়াই, ১২ জুলাই || খোয়াই-মোহনপুর জাতীয় সড়কে রুটিন নাকা চেকিং চালানোর সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় খোয়াইয়ের বাইজালবাড়ি থানার অন্তর্গত বেলফাং নাকা পয়েন্টে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বেলফাং নাকা পয়েন্টে বাইজালবাড়ি থানার পুলিশ রুটিন তল্লাশির জন্য যানবাহন আটকাচ্ছিল। সেই সময় খোয়াইয়ের দিকে যাওয়া একটি অটোরিকশাকে থামানো হয়। অটোতে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করে যে, তারা মোহনপুর থেকে খোয়াইয়ের দিকে যাচ্ছিল এবং তারা বাংলাদেশি নাগরিক। এরপরই পুলিশ তাদের আটক করে। আটক হওয়া যুবকদের নাম খোকন সরকার ও অনিক সরকার বলে জানা গেছে।
বর্তমানে তাদের বাইজালবাড়ি থানায় নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কীভাবে এবং কী উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় সীমান্তে নজরদারি নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে।
