প্রয়াত সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিককে শেষ শ্রদ্ধা নানা মহলের, মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ নিবেদন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক ও দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিকের প্রয়াণে রাজ্যজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সদ্যপ্রয়াত এই সাংবাদিকের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
তিনি বলেন, “উনার অকাল প্রয়াণ রাজ্যের সংবাদ জগৎ ও অসংখ্য গুণমুগ্ধ মানুষের কাছে এক অপূরণীয় ক্ষতি। আমি ঈশ্বরের নিকট বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।”
রবিবার বিকেলে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ দত্ত ভৌমিক। সোমবার সকালে তাঁর মরদেহ কলকাতা থেকে বিমানযোগে আগরতলায় আনা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর নিজ বাড়িতে এবং পরে আগরতলা প্রেস ক্লাবে, যেখানে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান রাজ্যের বিশিষ্টজনেরা।
আজ সকাল থেকে আগরতলা প্রেস ক্লাবে ছিল গভীর শোকাবহ পরিবেশ। প্রয়াত সাংবাদিককে শ্রদ্ধা জানাতে ভিড় করেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, কবি, সাহিত্যিকসহ সমাজের নানা শ্রেণির মানুষ।
সবশেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় শোক মিছিল সহকারে মহাশ্মশানে, যেখানে সম্পন্ন হয় শেষকৃত্য। রাজ্যের সংবাদমাধ্যমে এক দীর্ঘ, বর্ণময় ও সংগ্রামী জীবনের অবসান ঘটলো তাঁর প্রয়াণে— এমনটাই বলছেন সহকর্মী ও অনুরাগীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*