আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || রাজ্যের শিক্ষা জগতে এক গর্বের অধ্যায় রচনা করল সোমবারের দিনটি। এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান। চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় (TBSE ও CBSE) শতভাগ সফলতা অর্জনকারী বিদ্যালয়গুলিকে এদিন আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তিনি সফল বিদ্যালয়গুলিকে নিজ হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেন। তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, “এই সাফল্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়নের নিদর্শন। জাতীয় শিক্ষা নীতির যথাযথ বাস্তবায়ন এবং সরকার ও বিদ্যালয়গুলির সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ এই সাফল্য সম্ভব হয়েছে।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের নিষ্ঠা এবং অভিভাবকদের সহায়তাই এই সাফল্যের মূল চাবিকাঠি।”
মুখ্যমন্ত্রী অন্যান্য বিদ্যালয়গুলিকে এই সফল প্রতিষ্ঠানগুলির পথ অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, “সুস্থ প্রতিযোগিতার পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে। রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই ধারা অব্যাহত রাখতে হবে।”
অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি নতুন করে আশার সঞ্চার করে। শিক্ষা দপ্তরের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিদ্যালয়কে অনুপ্রাণিত করবে বলে মত বিশিষ্টজনদের।
