বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ আগস্ট || কৃষকদের কৃষিজ ফসলের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনের লক্ষ্যে জৈবিক পদ্ধতিতে চাষাবাদে গুরুত্ব দিচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তর। রাজ্য সরকারের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসের উদ্যোগে কৃষি দপ্তরের কার্যালয়ে পশ্চিম জোলাইবাড়ীর ১২৫ জন কৃষককে নিয়ে জৈবিক পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদনের উপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জৈবিক সার কীভাবে ব্যবহার করতে হয়, জৈবিক পদ্ধতিতে মাটির উর্বরতা বজায় রেখে কীভাবে অধিক পরিমাণে ফসল উৎপাদন করা যায় এবং নিরাপদ কৃষিজ পণ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
এদিনের কর্মসূচির পাশাপাশি জোলাইবাড়ীর ১০ জন মৌমাছি পালনকারীর হাতে মৌমাছি পালনের বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মৌমাছি পালন করে মধু উৎপাদনের মাধ্যমে কৃষকরা অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন। পাশাপাশি কৃষিজ ফসলের পরাগায়নেও মৌমাছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জোলাইবাড়ী কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্তসহ অন্যান্যরা।
কর্মসূচি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত বক্তব্য রাখেন জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস। তিনি কৃষকদের জৈবিক পদ্ধতিতে চাষাবাদে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।
