গোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই || খোয়াই জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক বড় সাফল্য অর্জিত হলো। মঙ্গলবার বাইজালবাড়ি থানার অন্তর্গত ছনখলা এবং বেলছড়া এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ ৫ হাজার গাঁজার চারাগাছ ধ্বংস করা হয়েছে।
এই বিশাল অভিযানটির নেতৃত্ব দেন খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) পূষণ কান্তি মজুমদার এবং বাইজালবাড়ি থানার ওসি। অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন পুলিশকর্মী এবং টিএসআর (TSR) জওয়ানরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এই এলাকাগুলিতে গাঁজা চাষের খবর পেয়ে অভিযান চালানো হয়। এরপর জঙ্গলাকীর্ণ ও দুর্গম এলাকায় লুকিয়ে চাষ করা প্রায় ১ লক্ষ ৫ হাজার গাঁজার চারাগাছ চিহ্নিত করে তা সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হয়।
এই সফল অভিযান খোয়াই জেলা পুলিশের মাদক নির্মূল অভিযানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
