গোপাল সিং, খোয়াই, ১৩ আগস্ট || খোয়াই জেলার উত্তর মহারানীপুর দীনদয়াল এলাকায় বৃহস্পতিবার রাতে একদল বুনো হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কল্যাণপুর থানার ওসি আশীষ সরকারসহ পুলিশ ও বন বিভাগের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় হাতির উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগের কর্মীরা হাতির দলটিকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ধাওয়া খেয়ে হাতির দলটি দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে বলে জানা গেছে।
এর মধ্যে একটি হাতির দল কৃষ্ণপুর বিধানসভা এলাকার দিকে চলে যায়। অপরদিকে, একটি হাতি দলছুট হয়ে উত্তর মহারানীপুর দীনদয়াল এলাকাতেই অবস্থান করছে বলে খবর।
হাতির গতিবিধির উপর নজর রাখছে বন বিভাগ ও পুলিশ। দলছুট হাতিটিকে নিরাপদে জঙ্গলের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।
