‘দলে বিভেদ সৃষ্টিকারীদের চিহ্নিত করুন!’ খোয়াইয়ে ২০২৮-এর লক্ষ্যে ঘর গোছাচ্ছে বিজেপি, কড়া বার্তা নেতৃত্বের

গোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই || পরপর দুটি বিধানসভা নির্বাচনে হারের পর এবার খোয়াই বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধারে কোমর বেঁধে নামল ভারতীয় জনতা পার্টি। ২০২৮ সালের নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে বুথ স্তর থেকে মজবুত করতে বিজেপি খোয়াই মন্ডলের অন্তর্গত প্রতিটি শক্তিকেন্দ্রে লাগাতার সাংগঠনিক সভা করছে দল। ২০১৮ সালে রাজ্যে ক্ষমতার পালাবদল হলেও খোয়াই কেন্দ্রটি বামেদের দখলেই ছিল। ২০২৩ সালেও এই আসনটি বিজেপির হাতছাড়া হয়। সেই হারের গ্লানি মুছে ফেলে আগামী নির্বাচনে জয় নিশ্চিত করতে এখন থেকেই ঝাঁপিয়েছে দলের জেলা ও মন্ডল নেতৃত্ব। বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, মন্ডল সভাপতি অনুকুল দাস, জেলা সাধারণ সম্পাদক সমীর দাস এবং দেবাশীষ নাথশর্মা, শঙ্কু পাল, রঞ্জন দাস, অনিমেষ নাগের মতো শীর্ষ নেতারা প্রতিদিন সাংগঠনিক সভাগুলিতে উপস্থিত থেকে কার্যকর্তাদের উৎসাহিত করছেন। এই সভাগুলি থেকে দলীয় কর্মীদের প্রতি কড়া বার্তা দেওয়া হচ্ছে। নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন, পরাজয়ের গ্লানি মোচনের জন্য প্রত্যেক কার্যকর্তাকে ১০০ শতাংশ দায়িত্ব পালন করতে হবে। পুরাতন কর্মীদের সম্মান জানিয়ে এবং নতুনদের দলে স্বাগত জানিয়ে বুথকে শক্তিশালী করতে হবে। নেতৃত্বরা আরও বলেন, যারা ‘২০১৮-র আগে বা পরে’ এই ধরনের শব্দ ব্যবহার করে দলে বিভেদ তৈরির চেষ্টা করছেন, তারা পেছন থেকে পার্টিকে ছুরি মারছেন। বিরোধীদের ইন্ধনে যারা সরকারের জনমুখী সিদ্ধান্তকে বিকৃত করার চেষ্টা করবে, তাদের চিহ্নিত করার জন্যও কর্মীদের আহ্বান জানানো হয়েছে। দলের বিশ্বাস, এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ২০২৮ সালে খোয়াইয়ে জয় নিশ্চিত বলে দাবী করেন দলের শীর্ষ নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*