বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলা, এক সমর্থকের চোখ নষ্ট — অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কৈলাসহরে বিজেপি’র ডেপুটেশন

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ১২ আগস্ট || হিরাছড়া চা-বাগান এলাকায় বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ঘটনায় গুরুতর আহত হয়ে এক বিজেপি সমর্থকের চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কৈলাসহর বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে ঊনকোটি জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।
ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরুপ ধরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে অভিযোগ করেন, গত ৬ আগস্ট রাত প্রায় ১১টার সময় হিরাছড়া বুথ সভাপতি আশীষ দাসের বাড়িতে অতর্কিত হামলা চালায় কংগ্রেসের একদল সমাজদ্রোহী। ফারুক আলী, সুলতান আলী, রাজারাম মুন্ডা সহ কয়েকজন হামলাকারী শিশু, মহিলা ও পুরুষদের নির্বিচারে মারধর করে। এতে বিজেপি সমর্থক চন্দন দাস গুরুতরভাবে আহত হন।
নীতিশ দে আরও জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে অভিযুক্তরা। ঘটনার দিন রাতে পুলিশের সামনেই চন্দন দাসকে লক্ষ্য করে এয়ারগান দিয়ে গুলি চালানো হয়। গুলিতে তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে তাকে ঊনকোটি জেলা হাসপাতালে এবং পরে আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটজনক হওয়ায় পরে নেপালে স্থানান্তরিত করে অস্ত্রোপচারের মাধ্যমে তার চোখ অপসারণ করা হয়।
তিনি অভিযোগ করেন, ১১ আগস্ট বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে ইরানি থানায় ডেপুটেশন দেওয়া হলেও ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তাই এদিন জেলা পুলিশ সুপারের কাছে নতুন করে ডেপুটেশন জমা দেওয়া হয়।
কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ জানান, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর তাদের আশ্বাস দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*